সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির ২৪ তম সভা অনুষ্ঠিত

২ ডিসেম্বর, ২০২৪ ২১:২৫  

সোমবার আগারগাঁওয়ে বিটিআরসির সভাকক্ষে অনুষ্ঠিত হলো সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) ব্যবস্থাপনা কমিটির ২৪ তম সভা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্বে সভায় সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মোঃ এমদাদ উল বারী সহ বিভিন্ন প্রকল্প পরিচালক এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান। এছাড়াও এমটব মহাসচিব মোঃ জুলফিকার ও আইএসপিবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সভায় সামাজিক দায়বদ্ধতা তহবিল এর আওতায় বাস্তবায়নাধীন চলমান ৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্প ৫টি হলো- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কানেক্ট বাংলাদেশ এবং আরও একটি প্রকল্প; বাংলাদেশ স্যাটালাইট কোম্পানি লিমিটেডের দ্বিপাঞ্চলে ভি-স্যাট স্থাপন করে ইন্টারনেট সেবা, টেলিটক এর হাওর-বাওর ও দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা এবং বিটিসিএল এর ওয়াই-ফাই প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা দেয়া। এই প্রকল্পগুলোতে মোট ১২ শ' কোটি টাকা ব্যয় হচ্ছে। তহবিলে জমা আছে আরও ৬ শ' কোটি টাকা। আগামি বছরে আরো ২৫০ কোটি টাকা। এই টাকায় নতুন নতুন প্রকল্প গ্রহনের তাগিদ দেন উপদেষ্টা।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, এমন কিছু কার্যকর প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়কালে শেষ হবে। বড় প্রকল্প না নিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে যেন প্রকল্পের সুবিধা সবাই একইভাবে পায়।

প্রসঙ্গত, সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা, ২০২১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর মধ্যে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা বিস্তৃতকরণের লক্ষ্যে এ তহবিল ব্যবহার করা যাবে।